মাগুরছড়া পুঞ্জিতে প্রেসবিটারিয়ান সিনডের ৩ দিনব্যাপী বার্ষিক সভা সম্পন্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেট জেলা প্রেসবিটারিয়ান খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের ৩ দিনব্যাপী প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৭২টি প্রেসবিটারিয়ান চার্চের ২৫০ জনের বেশি প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন।
সভার শুরুতে সভাপতির দায়িত্ব পালন করেন প্রাক্তন মডারেটর রেভারেন্ড বি. বি. প্রেন্টিস। পরে নবনির্বাচিত মডারেটর রেভারেন্ড এভরিসন পতাম দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক নেলসন এন. সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেভারেন্ড সখরিয় কট, কোষাধ্যক্ষ রেভারেন্ড এডওয়ার্ড সাইমন সরকার এবং সদস্য জিডিশন সূচিয়াং ও রুশ পতাম।
সিনড সভায় চারজন থিওলজি শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য সহ-পালক (প্রো-পালক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
রোববার (২৯ মার্চ) পাম সানডে উপলক্ষে আয়োজিত বিশেষ উপাসনায় আশপাশের বিভিন্ন চার্চ থেকে প্রায় ৬০০ জন অতিথি অংশ নেন।
সভায় উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে আলোচ্যসূচি অনুমোদন, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ শেষে ৩ দিনব্যাপী এই বার্ষিক সিনড সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানাতে ই-মেইল করুন: E-mail: ebanglanews71@gmail.com