শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯৭ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতের দুর্গম পাহাড়ি এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধপচা লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দুই যুবক মাছ ধরতে গিয়ে জলপ্রপাত থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে পাহাড়ি এলাকায় লাশটি দেখতে পান।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (গাঙ্গাইল) এলাকার আকিব আলী (২১) ও তার প্রতিবেশী মিনহাজ আলী ওই দিন বিকেল সাড়ে ২টার দিকে হামহাম জলপ্রপাত এলাকায় মাছ ধরতে যান। একপর্যায়ে তারা জলপ্রপাত থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বের দুর্গম পাহাড়ি এলাকায় পানির পাশে একটি পাথরের ওপর লাশ পড়ে থাকতে দেখেন।

লাশটি দেখতে পেয়ে আকিব আলী তার সঙ্গে থাকা মিনহাজ আলীকে বিষয়টি জানান। পরে তারা ঘটনাস্থল থেকে ফিরে স্থানীয় লোকজন ও ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের বনবিট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ফায়ার সার্ভিসকে জানায়। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৬০ বছর। শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে কোনো একসময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরে সেটি কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরিচয় শনাক্তের জন্য পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।

কমলগঞ্জ থানার পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত হলে থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর ০১৩২০-১১৯৮২৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন