শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৭ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার: মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই রোগীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এখন পর্যন্ত ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৯ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের নমুনা পরীক্ষার পর ৬ জনের পজিটিভ পাওয়া গেছে।

অন্যদিকে মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সাল জামান জানান, বর্তমানে হাসপাতালে তিনজন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে দুইজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এছাড়াও আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর তাদের অবস্থা নিশ্চিত হওয়া যাবে।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই রোগী আসছে। তবে পরীক্ষার রিপোর্ট ঢাকায় হওয়ায় ফলাফল পেতে কিছুটা সময় লাগছে।

তিনি আরও জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে লালচে র‌্যাশ দেখা দেওয়া হামের প্রধান লক্ষণ। এ ধরনের উপসর্গ দেখা দিলে রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাম থেকে বাঁচার উপায়:
চিকিৎসকরা বলছেন, কিছু সতর্কতা মেনে চললে হাম থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব— * শিশুদের নির্ধারিত সময়ে হাম (MMR) টিকা নিশ্চিত করা সবচেয়ে কার্যকর প্রতিরোধ। * আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং আলাদা রাখা জরুরি। * নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। * পুষ্টিকর খাবার গ্রহণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। *জ্বর, কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদার করা গেলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন