শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২২ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ, লালমনিরহাট | ১০ জুন ⸻ উচ্চ শিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্নকে থামিয়ে দিতে না পারে, সেই লক্ষ্যেই লালমনিরহাট জেলার ৮ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সহজ করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতেই সরকারের সংশ্লিষ্ট খাত থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।

আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন, মহেন্দ্রনগরের হরদত্ত এলাকার মো. মিফতাহুল বসুনিয়া লাবিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাপ্টীবাড়ীর তালুক হারাটীর মো. হোসেন আলী (নেত্রকোণা বিশ্ববিদ্যালয়), খোলাহাটি-খুনিয়াগাছ এলাকার মো. হাবিবুর রহমান (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফার্মেসি), কালমাটির মো. হাবিবুর রহমান হাকিমুল (গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা শাখা), উত্তর সাপটানার মো. ইয়াজীদ আলী রিয়াদ (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট), আদর্শপাড়ার মো. তূর্য চন্দ্র সরকার (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হিসাববিজ্ঞান), আদিতমারীর পশ্চিম দৈলজোড় এলাকার মোজাহেদুল ইসলাম মিম (ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) এবং নামাটারীর মো. তামিম সরকার সাম্য (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হিসাববিজ্ঞান)।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষাজীবনে সামান্য সহযোগিতাও ভবিষ্যতে বড় অর্জনের ভিত্তি তৈরি করতে পারে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন সবসময় শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে মেধাবীদের পাশে থাকার চেষ্টা করবে।”

জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের মতে, উচ্চ শিক্ষার ব্যয় নির্বাহে এ ধরনের সহায়তা অনেক শিক্ষার্থীর জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষাবান্ধব ও মানবিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন