১৫ বছর পরও ধরা ছোঁয়ার বাইরে? শ্রীমঙ্গলে অবশেষে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি
মৌলভীবাজার প্রতিনিধি, ১০ জুন ⸻
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো. লিটন (৩২) শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মৌলভীবাজারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লিটন কুমিল্লার চান্দিনা থানার মামলা নং-২ (তারিখ: ১ ডিসেম্বর ২০০৯), জিআর নং-১৯৪/০৯ ও দায়রা নং-১০৭৫/১৪-এর দণ্ডিত আসামি।
মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ)/২১/৩৩ ধারায় দায়ের করা হয়েছিল। বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।