কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
এ.কে পলাশ কুমিল্লা: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে এই প্যানেল ১৩টিতে জয় পায়। অন্যদিকে নিরপেক্ষ প্যানেল থেকে ২টি পদে প্রার্থীরা নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২৮৭ ভোটারের মধ্যে ১২৫৩ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ৩টি প্যানেলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রকাশিত ফলাফলে সভাপতি পদে এডভোকেট মো. সহিদ উল্লাহ ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেলের এডভোকেট মো. ইউসুফ আলী পান ৩৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার ৭১০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান) পান ৩৬৯ ভোট।
সহ-সভাপতি, ট্রেজারার, লাইব্রেরি সেক্রেটারি, এনরোলমেন্ট সেক্রেটারি ও রিক্রিয়েশন সেক্রেটারিসহ অধিকাংশ পদেই একই প্যানেলের প্রার্থীরা জয়ী হন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদেও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে থাকেন। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন এডভোকেট মো. আবুল হাসনাত হিমেল।
অন্যদিকে নিরপেক্ষ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শাহ আলম নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান স্বাক্ষরিত ফলাফল সিটে এই তথ্য নিশ্চিত করা হয়।