বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, প্রধান আসামী গ্রেফতার
এ.কে পলাশ, বুড়িচং (কুমিল্লা), ১৯ মে — কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িচং বাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক শিশির মাহি (২৯) ও অভিযুক্তরা সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা শিশির মাহির হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৬, তারিখ ১৭/০৫/২০২৬; ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রাত ১১টা ২০ মিনিটে র্যাব-১১ সিপিসি-২ ও র্যাব-৬ সিপিসি-১ এর যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে প্রধান আসামী জহির ইসলাম ওরফে আপন জহির হিজড়া (৪৬) কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার পর অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় নজরদারি ও সামাজিক সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।