মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, দুই চোরাকারবারি আটক
সোহাগ আহমদ, মাধবপুর (হবিগঞ্জ), ১৯ মে — হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি এক লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ভর্তি একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ৫৫ বিজিবি।
আটকরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) এবং একই উপজেলার ২নং লক্ষীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকে থাকা ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত জিরা, ট্রাক ও আটক দুইজনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
এদিকে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাটসহ একাধিক সীমান্ত উপজেলা দীর্ঘদিন ধরে চোরাচালান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব এলাকায় পাহাড়ি ছড়া, নদীপথ ও দুর্গম পথ ব্যবহার করে রাতের আঁধারে পণ্য পারাপার করা হয়।
সূত্রমতে, সীমান্ত পেরিয়ে আসা পণ্যগুলো পরে ট্রাক, ডাম্প ট্রাক বা বালুভর্তি পরিবহনের আড়ালে গুদামে নেওয়া হয় এবং ছোট যানবাহন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়।
স্থানীয় কিছু দালাল বা ‘লাইনম্যান’ চক্র সীমান্ত পরিস্থিতি নজরদারি করে চোরাকারবারিদের সহায়তা করে বলেও জানা যায়।
বিজিবি ও পুলিশ জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।