মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে একটি দোকান থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
এ সময় পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মাহফুজ আহমেদ নামের এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিল হোসেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে পুলিশ।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানাতে ই-মেইল করুন: E-mail: ebanglanews71@gmail.com