বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়কের বিয়ে, আলোচনায় আবু বাকের মজুমদার
ঢাকা, ৮ এপ্রিল — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ের পিঁড়িতে বসেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে পারিবারিক ও ঘরোয়া আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়।
দুই পরিবারের সম্মতিতে আয়োজিত অনুষ্ঠানে ঘনিষ্ঠ সহযোদ্ধা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। বিয়ের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
জানা যায়, নববধূ রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন।
অন্যদিকে আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফজলুল হক মুসলিম হলে ওঠেন। পরবর্তীতে রাজনৈতিক কারণে হল ছাড়লেও পরে আবার হলে ফিরে আসেন।
এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিয়ের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহযোদ্ধা ও সহপাঠীরা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ের ছবি শেয়ার করে নবদম্পতির জন্য শুভকামনা জানান।