শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৮ বার দেখা
শেয়ার করুন

মাহমুদুল হাসান: স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রার্থী হচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে লড়বেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে লড়বেন সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলের প্রার্থী হয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেন, দেশে নাগরিক সেবা পরিস্থিতি উন্নত হয়নি এবং দীর্ঘ সময় ধরে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা হচ্ছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাতেও দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে দ্রুত নির্বাচন আয়োজন প্রয়োজন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন