শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৭ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার/ঢাকা ১৩ এপ্রিল — মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেগুফতা রাব্বানী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শেগুফতা রাব্বানী চারবারের সাবেক মহিলা এমপি বেগম খালেদা রাব্বানীর জ্যেষ্ঠ কন্যা। মনোনয়ন সংগ্রহের পর তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তার মা মহিলা আসনের এমপি নির্বাচিত হন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলীয় সংকটকালীন সময়ে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে দায়িত্ব পালন করেন।

শেগুফতা রাব্বানী জানান, তার মা খালেদা রাব্বানীর শেষ ইচ্ছা—তার মেয়েকে মনোনয়ন দিয়ে তাকে (খালেদা রাব্বানী) মূল্যায়ন করা হয়েছে, তা দেখে যাওয়া। এ বিষয়ে তিনি দলের কাছে আবেদন জানিয়ে বলেছেন, তার মেয়ে শেগুফতা রাব্বানীকে মনোনয়ন দিয়ে যেন তার শেষ আশা পূরণ করা হয়। তিনি বলেন, “আমার মা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এই আবেদন জানিয়েছেন।”

তিনি আরও জানান, তার মা মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারের সেই রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে তিনিও দলের জন্য কাজ করতে চান।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শেগুফতা রাব্বানী বলেন, “আমরা রাজনৈতিক পরিবেশে বড় হয়েছি। ম্যাডাম (খালেদা জিয়া) আমার আম্মাকে অত্যন্ত স্নেহ করতেন। বিভিন্ন সফরে সঙ্গে নিতেন। অনেক প্রতিকূল সময় পার করেও আমরা আদর্শ থেকে সরে যাইনি। এখন আমার মা অসুস্থ। আমি বিশ্বাস করি, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের পরিবারকে মূল্যায়ন করবেন।”

শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, মাত্র ৮ বছর বয়সে ১৯৭৭ সালে মৌলভীবাজার সফরে আসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান তিনি। পরে সার্কিট হাউসে তার সঙ্গে সাক্ষাৎও হয়। সেই অভিজ্ঞতা তার রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু দল ছেড়ে যাইনি। কোনো সুবিধাও গ্রহণ করিনি। দলের প্রতি আমাদের এই নিষ্ঠা অবশ্যই বিবেচনায় আসবে।”

শিক্ষাজীবনে শেগুফতা রাব্বানী মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। পাশাপাশি তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন ভাষায় গজল পরিবেশন করে থাকেন। তার স্বামী মাকসুদ জামিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক, যিনি ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার জেলার একাধিক বিএনপি নেতা জানান, শেগুফতা রাব্বানী মনোনয়ন পেলে তিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাদের মতে, মৌলভীবাজারে তার জন্ম ও বেড়ে ওঠা হওয়ায় এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির দুঃসময়ে তার পরিবারের শাহ মোস্তফা সড়কস্থ বাসভবনটি নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। স্থানীয় নেতাদের মতে, তাকে মনোনয়ন দেওয়া হলে মৌলভীবাজার ও হবিগঞ্জে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন