শ্রীমঙ্গলে জ্বালানি তেলে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
মৌলভীবাজার: শ্রীমঙ্গলে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত পদ্মা, যমুনা ও মেঘনা জ্বালানি তেলের তিনটি ডিপোতে ৪৬ বিজিবির দুটি প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ডিপোতে সার্বক্ষণিক একটি সেকশন করে জনবল দায়িত্ব পালন করছে, যাতে নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত থাকে।
তিনি আরও জানান, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জসহ মোট পাঁচটি জেলায় ১০টি এবং সারাদেশের মোট ৯টি জেলায় ১৯টি জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল, আকস্মিক চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
আইসিপি ও এলসিপিতে আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত যানবাহন বিশেষ নজরদারির আওতায় রাখা হচ্ছে, যাতে অতিরিক্ত জ্বালানি বহন করে পাচার করা না যায়। বিজিবির সমন্বিত কার্যক্রমের ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও পাচারের অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।
তিনি সাধারণ জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক তথ্য পেলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।
আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানাতে ই-মেইল করুন: E-mail: ebanglanews71@gmail.com