শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৫৬ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০), পিতা সামছুদ্দিন মিয়া এবং মাসুম আহমদ (১৯), পিতা বিলাল মিয়া।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও একটি টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ইমরান ও মাসুম মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন।

এ সময় তারা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শন করেন। পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলায় উপস্থিত স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের দেখান।

একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে গ্রেফতার ও হেনস্তা করার ভয়ভীতি দেখানোরও অভিযোগ ওঠে।

বিষয়টি মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয়। তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • প্রেস রিলিজ মৌলভীবাজার জেলা পুলিশ

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন