শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৬ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, সুনামগঞ্জ, ২৬ মে— পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে চারটি অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে অনিয়ম ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, কম মূল্যে ইজারা দিয়ে সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্র ও সরকারি তথ্য অনুযায়ী, উপজেলার বাদাঘাট, শান্তিপুর, বড়ছড়া, লাউড়েরগড় ও কলাগাঁও এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোর জন্য উপজেলা প্রশাসন ইজারা প্রদান করে। এর মধ্যে শান্তিপুর পশুর হাট ৪৮ হাজার ১০০ টাকা, কলাগাঁও ২৮ হাজার টাকা, লাউড়েরগড় ১৮ হাজার টাকা এবং একতা বাজার পশুর হাট ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের যোগসাজশে একটি সিন্ডিকেট নামমাত্র মূল্যে এসব হাট ইজারা নেয়। স্থানীয়দের দাবি, বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে ইজারা দিয়ে সরকারকে লাখ লাখ টাকার রাজস্ব ক্ষতির মুখে ফেলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, কোনো ধরনের প্রচার বা উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়াই হাটগুলো ইজারা দেওয়া হয়েছে। এতে সাধারণ ইজারাদাতারা অংশ নেওয়ার সুযোগ পাননি।

এদিকে উপজেলার সবচেয়ে বড় বাদাঘাট পশুর হাট গত দুই বছর ধরে ইজারা ছাড়াই খাস কালেকশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র হাট নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ আদায় করলেও সরকারি কোষাগারে জমা পড়ছে সামান্য অংশ।

স্থানীয়দের ভাষায়, “হাট এখন রাজস্ব লুটের কেন্দ্রে পরিণত হয়েছে।”

তাহিরপুর উপজেলা বিএনপির নেতা আজিজুর রহমান বলেন, গত বছর তিনি হাট ইজারা নিয়েছিলেন, তবে চলতি বছর নেননি। তার কিছু লোক পারিশ্রমিকের বিনিময়ে খাস কালেকশনে সহযোগিতা করছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, বাদাঘাট হাটে নিয়ম মেনে খাস কালেকশন চলছে এবং আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে। তিনি দাবি করেন, অস্থায়ী পশুর হাটগুলো উন্মুক্ত ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে।

তবে স্থানীয় সচেতন মহল এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, রাজস্ব হিসাব অডিট এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আরও সংবাদ দেখুন—

আন্তর্জাতিক হকার দিবস: ফুটপাথের অর্থনীতি, চাঁদাবাজি ও হকারদের বেঁচে থাকার লড়াই

আরাফাতের ময়দানে লাখো মুসল্লি: হজের মূল মহিমা ও বিদায়ী খুতবার শিক্ষা

আজ বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছি হারালে কী হবে পৃথিবীর?

সিজোফ্রেনিয়া কী? লক্ষণ, চিকিৎসা ও বাংলাদেশ পরিস্থিতি

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন