শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং

১৪ বছর পর এভারেস্টে বাংলাদেশের নারী, ইতিহাস গড়লেন নিম্নি

২৭ মে ২০২৬ • Editing Section
৬৩৯ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ২৭ মে— বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার (২৭ মে) নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। এর মাধ্যমে বাংলাদেশের তৃতীয় নারী এবং অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন এই অভিযাত্রী।

নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী। ২০২৬ সালে বাংলাদেশ থেকে একমাত্র অভিযাত্রী হিসেবে এভারেস্ট অভিযানে অংশ নেন তিনি।

এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় উঠলেন।

বাংলাদেশিদের এভারেস্ট জয়ের ইতিহাস শুরু হয় ২০১০ সালের ২৩ মে, যখন প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত। ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এবং ২০১৩ সালের ২০ মে সজল খালেদ এভারেস্টে আরোহণ করেন। তবে নামার পথে মৃত্যুবরণ করেন সজল খালেদ। পরবর্তীতে ২০২৪ সালে বাবর আলী এবং ২০২৫ সালে ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন।

এভারেস্ট জয়ের লক্ষ্যে গত ১১ এপ্রিল নেপালে যান নুরুন্নাহার নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। ১৭ মে চূড়ান্ত অভিযানের জন্য বেজক্যাম্প ত্যাগ করেন তিনি। ধাপে ধাপে ২৩ মে ক্যাম্প–৪-এ পৌঁছালেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেদিন শিখর অভিযানে সফল হননি। পরে কয়েকদিন ক্যাম্প–২-এ অবস্থান করেন।

আবহাওয়া অনুকূলে আসার পর ২৫ মে আবারও অভিযান শুরু করেন নিম্নি। সোমবার ক্যাম্প–৪-এ পৌঁছে সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করেন। অবশেষে মঙ্গলবার ভোরে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়ান তিনি।

নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা পুরো অভিযানে তার সঙ্গে ছিলেন।

নুরুন্নাহার নিম্নির এই অর্জন দেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ দেখুন—

আজ বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছি হারালে কী হবে পৃথিবীর?

সিজোফ্রেনিয়া কী? লক্ষণ, চিকিৎসা ও বাংলাদেশ পরিস্থিতি

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন