মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি
মৌলভীবাজার প্রতিনিধি:
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে, পশ্চিমবাজার ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এবং রাজনগর উপজেলা সেক্রেটারি মিছবাহুল হাসান।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “দালালি না রাজপথ, রাজপথ রাজপথ”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” এবং “শহীদদের রক্ত বৃথা যেতে পারে না”।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, জাতীয় নির্বাচনের পর মানুষ একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সাত মাস পেরিয়ে গেলেও গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই আন্দোলনের শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং রায়ের কার্যকর বাস্তবায়নের দাবি জানান তিনি।
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনরোষের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কর্মসূচি সফল করায় উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান জেলা আমীর। পাশাপাশি আগামী ৫ আগস্ট ঘোষিত ১১ দলীয় বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান।