শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১২ পূর্বাহ্ণ
ব্রেকিং

সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ বন্ধ, কমছে ব্যয়

৩ এপ্রিল ২০২৬ • Editing Section
৬০৮ বার দেখা
শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সরকারের পরিচালন ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত ঋণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

একই সঙ্গে সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যয় সংকোচনের অংশ হিসেবে অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। সভা ও সেমিনারে আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সেমিনার ও কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং সরকারি ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি ক্রয়ের সুবিধা পান। ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়।

ঋণের পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসে ৫০ হাজার টাকা ভাতাও পেয়ে থাকেন কর্মকর্তারা।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এসব সুবিধা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন