শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০১ বার দেখা
শেয়ার করুন

মোঃ সামছুল ইসলাম, জুড়ী-মৌলভীবাজার, ৭ এপ্রিল — ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা উজানের ঢলে হাকালুকি হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

জুড়ী ও কুলাউড়া উপজেলার হাওরাঞ্চলে প্রায় ১০০ বিঘা জমির আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি আশপাশের আরও কয়েকশ বিঘা জমির ফসল ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয় কৃষক আব্দুল মজিদ (৫২) বলেন, টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে তাদের বছরের একমাত্র ফসল পানিতে ডুবে গেছে। এতে তারা চরম বিপাকে পড়েছেন।

এদিকে হাকালুকি হাওরের সঙ্গে সংযুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের ঢলের পানি দ্রুত প্রবেশ করছে। রবিবার দুপুরে আকস্মিক কালবৈশাখী ও শিলাবৃষ্টিও পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।

সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক পানির নিচে থাকা আধাপাকা ধান কেটে নৌকায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ উপায়ন্তর না দেখে মহিষ দিয়ে ধান খাওয়াতেও বাধ্য হচ্ছেন।

এভাবে পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের প্রায় ৩০০ বিঘা জমির বোরো ধানও ঝুঁকির মুখে পড়েছে।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, উপজেলায় হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় চলতি মৌসুমে ব্যাপক পরিমাণ জমিতে বোরো আবাদ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন