শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৩ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৯ মে — সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন ‘নতুন সংগ্রাম’-এ নামতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এই সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।”

তিনি বলেন, “নির্বাচনের আগে পর্যন্ত এটি ছিল বিএনপির ইশতেহার। কিন্তু সরকার গঠনের পর এটি এখন বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ দেশের ৫২ শতাংশ ভোটার এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা মানুষের কাছে সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছি। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ ও শিশুরা নিরাপদে চলাচল করতে পারবে।”

তিনি বলেন, “ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা বলেছিলাম, দেশে এমন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবো যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং রাজনৈতিক বিতর্ক হবে গণতান্ত্রিকভাবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “বর্তমান সরকার বিএনপি সরকার। তাই বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। সরকারের সফলতা নির্ভর করছে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর।”

এর আগে সকাল পৌনে ১১টায় কেআইবি মিলনায়তনে রুদ্ধদ্বার এই মতবিনিময় সভা শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন