বগুড়া–জয়পুরহাট সংরক্ষিত নারী আসনে সুরাইয়া জেরিন রনির মনোনয়ন
মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া, ২০ এপ্রিল — নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া–জয়পুরহাট সংরক্ষিত নারী আসনে বগুড়া জেলা থেকে মনোনয়ন পেয়েছেন গাবতলী উপজেলা মহিলা দলের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি।
দলীয় সূত্রে জানা যায়, সুরাইয়া জেরিন রনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার কারাবরণও করেছেন।
দলের দুঃসময়ে তার সাহসী ভূমিকার কারণে তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তার মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, তার এই মনোনয়ন বগুড়া জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।