সংরক্ষিত নারী আসন নির্বাচন: বিএনপির ৩ জনের মনোনয়ন জমা, জামায়াতের কেউ নয়
ঢাকা, ১৯ এপ্রিল — ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ঘনিয়ে এলেও দাখিলের গতি এখনো ধীর। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মাত্র তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে এবং তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী।
মনোনয়ন জমাদানকারীরা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও মাহবুবা রহমান।
ইসির মনোনয়ন সংগ্রহ তালিকা অনুযায়ী, গত ১২ দিনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের সমর্থন পেতে মোট ৪৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনো পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে কেউ মনোনয়ন জমা দেননি।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংরক্ষিত আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, ওইদিন ৩৫ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৩৪ জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং একজন জামায়াত জোটভুক্ত লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার।
এদিকে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে আরও রয়েছেন জেরিন দিলোয়ার হোসেন, এডভোকেট তসলিমা খাতুন হেনা, হোসনে আরা চাঁদনী, তছমিনা খাতুন, তৌহিদা ইয়াসমিন, আয়শা আক্তারসহ অনেকে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।