জুড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়
এম এম সামছুল ইসলাম, মৌলভীবাজার, ১৮ এপ্রিল — মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিষয়ে পক্ষে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদা খানম বুশরা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিচারক ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহি উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী এবং জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টুসহ অন্যান্যরা।