ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
ঢাকা, ১৯ এপ্রিল — রাজধানী ঢাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে মধু সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সুন্দরবন বি অ্যান্ড হানি ফার্ম লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন বি অ্যান্ড হানি ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ নুরুল হুদা (হুমায়ুন), সাবেক বিসিক কর্মকর্তা খন্দকার আমিনুজ্জামান, বাংলাদেশ বিকিপারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল্লাহ আফজাল, জেজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান এবং পাম নেদারল্যান্ডসের প্রতিনিধি জান আরি বান কারকুম উপস্থিত ছিলেন।
বিসিকের মহাব্যবস্থাপক ড. মো. ফরহাদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ মৌচাষের সঙ্গে যুক্ত। এই খাতের উৎপাদিত মধু দেশের কোটি মানুষের চাহিদা পূরণ করছে। তবে দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে মধুর গুণগত মান বজায় রাখা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা গেলে মধুর মান নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগে বিসিক সবসময় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে ও তাত্ত্বিকভাবে মৌমাছি পালন, মধু উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি মধুর গুণগত মান নির্ধারণ, ভেজাল শনাক্তকরণ, pH ও Electrical Conductivity বিশ্লেষণ, Moisture নির্ণয়, Refractometer ও Reflectometer ব্যবহারসহ বিভিন্ন কারিগরি বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই কর্মশালা আগামী ২৩ এপ্রিল শেষ হবে।