শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০০ বার দেখা
শেয়ার করুন

খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার, ৯ এপ্রিল — মেজর সৈয়দ জিয়াউল হকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাকে সম্মানের সঙ্গে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে মৌলভীবাজারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে “মেজর সৈয়দ জিয়াউল হক মুক্তি পরিষদ, মৌলভীবাজার”-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল সোসাইটি প্রতিনিধি, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ‘Sword of Honour’প্রাপ্ত কর্মকর্তা মেজর জিয়াউল হক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হয়েছেন। তারা এসব মামলাকে ‘ফ্যাসিস্ট আমলের সাজানো মামলা’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর এক পর্যায়ে মেজর জিয়াকে গুম করা হয় এবং পরে তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং তাকে বিভিন্ন জঙ্গি ঘটনার সঙ্গে জড়িত বলে প্রচার চালানো হয়, যা তারা ভিত্তিহীন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে একাধিকবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং সাক্ষ্যগ্রহণে অসঙ্গতির কথাও তুলে ধরা হয়।

বক্তারা জানান, মেজর জিয়া ইতোমধ্যে মৃত্যুদণ্ড স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং অন্যান্য মামলার বিষয়ে রাজনৈতিক মামলা রিভিউ কমিটিতেও আবেদন করেছেন।

এ সময় তারা প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, যাতে এসব মামলার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কূটনীতিক সাকিল আলী, মেজর মুজাহিদ মনির (অব.), প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, ড. মো. আবু তাহের, লে. কর্নেল সিদ্দিকুর রহমান (অব.)সহ আরও অনেকে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন কবি সুফি চৌধুরী।

সংবাদ সম্মেলনের শেষে মেজর জিয়ার মুক্তির দাবিতে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করা হয়, যা জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি একটি গণস্বাক্ষর কর্মসূচিও শুরু করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন