শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৩৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৭৪ বার দেখা
শেয়ার করুন

সিলেট, ৯ এপ্রিল — সিলেটের আবহমান লোক ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুরু হয়েছে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় ছিলটি ঐতিহ্য চত্বর (আলী আমজাদের ঘড়ি, কীনব্রীজ চাঁদনীঘাট ও সারদা হল প্রাঙ্গণ) এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু।

বক্তারা বলেন, সিলেট হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। মরমী সাধক হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমনসহ অসংখ্য সাধকের অবদানে এ অঞ্চলের লোকসংস্কৃতি আজও গৌরবোজ্জ্বল। তারা বলেন, সিলেটি ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ তার শেকড় ও আত্মপরিচয় খুঁজে পায়।

তারা আরও বলেন, আধুনিকতার প্রভাবে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ প্রজন্মকে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে এবং হৃদয়ে ধারণ করে তা বিশ্বদরবারে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, আল মামুন বিন সালেহসহ আরও অনেকে।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন