ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৭০ অভিবাসী নিখোঁজ
রোম/ল্যাম্পেদুসা, ৬ এপ্রিল — ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার এবং ২ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী।
ইতালির কোস্টগার্ড ও এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)-এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
জীবিত উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে কাঠের তৈরি নৌযানটি ডুবে যায়। নৌকাটি লিবিয়ার তাজাউর উপকূল থেকে ছেড়ে এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) জোনে দুর্ঘটনার শিকার হয়। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে নারী ও শিশুও ছিল।
দুর্ঘটনার পর জার্মান সংস্থা সি-ওয়াচ একটি বিমান পাঠিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তাদের ধারণকৃত ছবি ও ভিডিওতে উল্টে যাওয়া নৌকার তলদেশে আশ্রয় নিতে দেখা গেছে কয়েকজনকে।
মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।
সংস্থাটি নিখোঁজদের জন্য শোক প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট হলো ভূমধ্যসাগর। তবে এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই সাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।