শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯০ বার দেখা
শেয়ার করুন

কুমিল্লা, ৬ এপ্রিল — কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন মোড় এসেছে। সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুমিনুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে বিচারক এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত করার পর দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, এর আগে তনুর ব্যবহৃত কিছু কাপড় থেকে তিন ব্যক্তির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হলেও তা মিলিয়ে দেখা হয়নি। বর্তমানে যাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাদের ডিএনএ পরীক্ষা করে মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে আদালত পরবর্তী তারিখে মামলার অগ্রগতি জানাতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে তিনি বিচার চেয়ে আসছেন। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং হতাশা প্রকাশ করে বলেন, “সব হত্যার বিচার হলে আমার মেয়ের বিচার হবে না কেন?”

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তার বাবা।

মামলাটি প্রথমে পুলিশ, পরে ডিবি ও সিআইডি তদন্ত করে। পরবর্তীতে ২০২০ সালে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে পিবিআইয়ের ষষ্ঠ তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন