পাটগ্রাম সীমান্তে গুলির ঘটনায় বিজিবি-বিএসএফ স্পট মিটিং
কল্লোল আহমেদ, লালমনিরহাট, ৬ এপ্রিল — লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি কিশোরকে লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩২ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীন ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৮৭/৫-এস সংলগ্ন রহমতপুর (গাটিয়ারভিটা) এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার।
বৈঠকে বিজিবি কমান্ডার একইদিন সকাল ১০টার দিকে সীমান্তের শূন্যরেখা বরাবর গৌমতি বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিবর্ষণের ঘটনায় জবাব চান। এতে পাটগ্রামের রহমতপুর এলাকার কিশোর মো. মিজান হোসেন (১৭) লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে উল্লেখ করা হয়।
জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, বিষয়টি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উভয় পক্ষ সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানো হবে বলেও জানানো হয়।
এছাড়া সীমান্তে যে কোনো সমস্যা দ্রুত সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সময়মতো তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।