অপরাধ দমনে জিরো টলারেন্স: লালমনিরহাটে পুলিশ সুপারের কঠোর বার্তা
কল্লোল আহমেদ, লালমনিরহাট, ৫ এপ্রিল — অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান।
রোববার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুক।
সভায় বিগত মাসের অপরাধচিত্র বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও চোরাচালান রোধে বিশেষ গুরুত্ব দিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়।
এছাড়া গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পুলিশ সুপার।
তিনি বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত জেলা গড়া আমাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।” একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সঙ্গে সুসম্পর্ক রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।