সাংবাদিকতায় দক্ষতা জরুরি, ভুয়া পরিচয়ে প্রতারণা নয়: এইচ এম মহিউদ্দিন
কুমিল্লা, ৪ এপ্রিল — ফেসবুক পেইজ খুলে মিডিয়ার পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা না করে সাংবাদিকতায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন নিউজটুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম মহিউদ্দিন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এইচ এম মহিউদ্দিন বলেন, একজন ব্যক্তি একাধিক মিডিয়ায় কাজ না করে জুনিয়রদের জন্য সুযোগ তৈরি করা উচিত, যাতে দেশে বেকারত্ব কমে। তিনি আরও বলেন, একটি পেশায় মনোযোগ দিয়ে পূর্ণ দক্ষতা অর্জন করাই সাফল্যের মূল চাবিকাঠি।
তিনি অভিযোগ করেন, বর্তমানে অনেক মাল্টিমিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের সাংবাদিক পরিচয়ে মাঠে কাজ করছেন, যা সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে, সাংবাদিকদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের একই ধরনের জবাবদিহিতা নেই, ফলে পেশাগত বিভ্রান্তি তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর দিপু, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজি।
কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ৩০ জন সাংবাদিক ও মাল্টিমিডিয়া কর্মী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।