যুক্তরাষ্ট্রের ভাইস মেয়রকে গুলি করে হত্যা, স্বামী আটক
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে কোরাল স্প্রিংস শহরের ভাইস মেয়র ন্যান্সি মেটায়ের বোয়েনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় তার স্বামী স্টিফেন বোয়েনকে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, জরুরি কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজ বাসা থেকে ন্যান্সির মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্বামীকে গ্রেপ্তার করে ব্রাওয়ার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়।
কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক সহিংসতা হিসেবে দেখছে।
৩৮ বছর বয়সী ন্যান্সি মেটায়ের বোয়েন ছিলেন কোরাল স্প্রিংসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম হাইতিয়ান-আমেরিকান কমিশনার।
তিনি ২০২০ সালে নির্বাচিত হন এবং ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন। পরে সহকর্মীদের ভোটে ভাইস মেয়র হন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি জাতীয় পর্যায়েও সক্রিয় ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসের প্রচারণায় ফ্লোরিডায় ক্যারিবীয় ভোটারদের সমন্বয় করেন।
তার স্বামী স্টিফেন বোয়েন একটি ধর্মীয়-সামাজিক সংগঠনের কর্মকর্তা ছিলেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।