শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬০ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক দশক পার হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। ফলে জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে সব কার্যক্রম।

বর্তমানে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদের পুরোনো টিনশেড ভবনে অস্থায়ীভাবে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। এতে দাপ্তরিক কাজের পাশাপাশি আবাসন সংকটেও পড়ছেন পুলিশ সদস্যরা।

২০১৩ সালে বাদাঘাট বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে অস্থায়ী ক্যাম্প চালু করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও বিত্তশালীদের উদ্যোগে ৫১ শতাংশ জমি কেনা হয় স্থায়ী ভবনের জন্য।

২০১৬ সালে বাদাঘাট-দিঘিরপার সড়কের পাশে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি।

কেন্দ্রটিতে বর্তমানে ১ জন এসআই, ২ জন এএসআই ও ৭ জন কনস্টেবল কর্মরত। প্রয়োজনের তুলনায় জনবলও কম।

দায়িত্বে থাকা সদস্যরা জানান, বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। নিরাপদ অস্ত্রাগার নেই, নেই পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী। এমন পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নানা ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বজায় রাখতে দ্রুত স্থায়ী ভবন নির্মাণ জরুরি।

বণিক সমিতির নেতারা জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কিছু যোগাযোগ হলেও পরে আর কোনো অগ্রগতি হয়নি।

সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন