২২ দিনের শিশুর হাত কেটে, পা পুড়িয়ে দিয়েছে মা-বাবা
দিনাজপুর: দিনাজপুরের হিলিতে ২২ দিনের এক নবজাতকের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে।
অভিযোগ, নেশার টাকার জন্য শিশুটির হাত কেটে ও পা পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়।
ঘটনাটি হাকিমপুর উপজেলার চুড়িপট্টি গ্রামে। অভিযুক্ত খাদিজা ও সাগর দম্পতি ‘মাদকাসক্ত’ বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে দম্পতির ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। পরে শিশুটির হাত কেটে আঙুল বাড়ির বাইরে পুঁতে ফেলা হয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, কয়েলের আগুনে শিশুটির হাত-পা পুড়ে গেছে। পরে কাটা অংশ তারা মাটিতে পুঁতে রাখেন।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তৌহিদ জামান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার উপজেলা প্রশাসন নিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
শমশেরনগরে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে বিক্ষোভ, বন্ধ হাসপাতাল সেবা