ইভটিজার সন্দেহে যুবক আটক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিল জনতা?
লাখাই প্রতিনিধি, ১০ জুন ⸻ হবিগঞ্জের লাখাই উপজেলায় ইভটিজিংয়ের সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাদিকারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক একাডেমির সামনে ইমাম হোসেন (৩৩) নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তিনি একাডেমির শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টি করে কথা বলছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়।
আটক ইমাম হোসেন কিশোরগঞ্জ জেলার অষ্টাগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।
লাখাই থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন জানান, জনতার দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।