শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮২ বার দেখা
শেয়ার করুন

আব্দুল ছালিক, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি | ১০ জুন ২০২৬ ⸻ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুই কৃতী সন্তান নন্দলাল দে ও সুমাইয়া আহমদ রিদি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান বিশ্বকাপের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এই দুই তরুণ-তরুণী। তাদের এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কুলাউড়া ও মৌলভীবাজারজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী নন্দলাল দে নিউইয়র্ক-নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অফিশিয়াল ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কানাডাপ্রবাসী সুমাইয়া আহমদ রিদি টরন্টো ভেন্যুতে আয়োজক শুভেচ্ছাদূত এবং অফিশিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন।

নন্দলাল দে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষীরোদ রঞ্জন দে’র ছেলে। তিনি জানান, এর আগেও ফিফা ক্লাব বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মোবাইল ফোনে তিনি বলেন, “বিশ্বকাপের মতো বিশাল আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। দেশ ও এলাকার মানুষের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

অন্যদিকে, সুমাইয়া আহমদ রিদি বর্তমানে পরিবারসহ কানাডার টরন্টোতে বসবাস করছেন। তিনি বিশ্বকাপ ২০২৬-এর আয়োজক শহর টরন্টোর শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কানাডার টরন্টো ভেন্যুতে অফিশিয়াল ভলান্টিয়ার হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রিদি কুলাউড়া সরকারি কলেজের সাবেক ইংরেজি প্রভাষক শাহিন আহমদ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার চৌধুরীর একমাত্র কন্যা। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব টরন্টোতে নিউরোসায়েন্স বিষয়ে অধ্যয়নরত।

রিদি বলেন, “বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনে কাজ করা মানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও সমৃদ্ধ করা। আমি চাই দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে দেশের জন্য সম্মান বয়ে আনতে। এজন্য দেশবাসীর দোয়া কামনা করছি।”

তিনি আরও জানান, দেশে অবস্থানকালে মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, রাজনীতিবিদ ও সমাজকর্মী শিরীন চৌধুরী এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের অনুপ্রেরণা তাঁর পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্থানীয়রা মনে করছেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কুলাউড়ার দুই তরুণের অংশগ্রহণ শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও এক গৌরবের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই সম্পৃক্ততা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের অনুপ্রেরণা জোগাবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন