শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯০ বার দেখা
শেয়ার করুন

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী, ২৫ মে— পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রনি মৃধা (৩০) শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মৃধার ছেলে।

পুলিশ জানায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ এক ফিল্ড অফিসারকে নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমে বের হন। বেলা ১১টার দিকে রাজাখালী ফার্মগেট এলাকায় পৌঁছালে চার দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

ঘটনার পর ২০ মে দুমকি থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়।

পুলিশি তথ্যমতে, গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে দস্যুতা, হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ‘রনি’ দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন