সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় জিরা-ফুসকাসহ আটক ১
আমির হোসেন, সুনামগঞ্জ, ২৫ মে— সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ওয়েজখালি পয়েন্টে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানে একটি ট্রাক থেকে ৫ টন ভারতীয় ফুসকা ও ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার কামাল হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হযরত আলীর নির্দেশনায় এসআই সাব্বির আহমেদ, এসআই মাহমুদুল হক, এসআই খাদেম ও এসআই রাশেদসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্য ট্রাকে করে পাচারের সময় তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত পণ্য জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।