শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং

১৩৩ অধ্যাদেশ যাচাই শেষ, ১৪-১৫টিতে ভিন্নমত দিল জামায়াত

৩০ মার্চ ২০২৬ • Editing Section
৬১২ বার দেখা
শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের কাজ শেষ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তবে এসব অধ্যাদেশের মধ্যে ১৪-১৫টি বিষয়ে সরকারি দল বিএনপির সঙ্গে একমত হয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী। এসব বিষয়ে তারা নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে।

রোববার (রাত) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে টানা তৃতীয় দিনের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছায় কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠক শেষে বিশেষ কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কিছু বিষয়ে সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত নিতে চেয়েছে। এসবের মধ্যে ১৪-১৫টি বিষয়ে বিরোধী দলের সদস্যরা একমত হননি এবং নোট অব ডিসেন্ট দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ এবং সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয়—এসব ক্ষেত্রে সংস্কার আনা হলেও সরকারি দল সেগুলো আগের অবস্থায় ফেরাতে চায়। বিশেষ করে স্বাধীন কমিশনগুলোতে দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে তিনি দাবি করেন। দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়েও আপত্তি জানিয়েছে বিরোধী দল।

গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হয়েছে। গণভোটের রায় কার্যকর করা উচিত বলেও মত দেন তিনি।

অন্যদিকে বিশেষ কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৩৩টি অধ্যাদেশের প্রতিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকগুলো অপরিবর্তিত রাখা হবে, কিছু সংশোধন করে বিল আকারে আনা হবে, আর কিছু এই অধিবেশনে আনা সম্ভব নাও হতে পারে।

তিনি জানান, যেসব বিষয়ে ভিন্নমত এসেছে, তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। পরে বিল আকারে সংসদে উপস্থাপনের সময় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর প্রয়োজনীয়তা ইতোমধ্যে শেষ হয়েছে। ভবিষ্যতে এ আইনের অধীনে কোনো গণভোট হবে না, তাই এটিকে আইন আকারে আনার প্রয়োজন নেই।

উল্লেখ্য, মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন না হওয়ায় অধ্যাদেশগুলো যাচাইয়ের জন্য এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন