শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং

দুর্ঘটনায় টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

৩০ মার্চ ২০২৬ • Editing Section
৬৫৯ বার দেখা
শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

জানা গেছে, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ পানিতে তলিয়ে যান রাহুল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারাবাহিকটির সহঅভিনেত্রী সোমাশ্রী চাকি রাহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তাদের একসঙ্গে শুটিং হয়েছিল।

গণমাধ্যমকে সোমাশ্রী বলেন, “আজ আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা ফিরছিলাম। পানির মধ্যে কীভাবে কী হলো, বুঝতে পারছি না। আমরা তখন ঘটনাস্থলে ছিলাম না।”

টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলে ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু। পরে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান।

এই ছবির সহশিল্পী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। একসময় বিচ্ছেদের গুঞ্জন থাকলেও পরে সন্তানের কথা ভেবে আবার একসঙ্গে থাকতে শুরু করেন তারা। তাদের একমাত্র ছেলে সহজ।

অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠান উপস্থাপনা করতেন রাহুল। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে অভিনয়ে ফেরেন তিনি। সর্বশেষ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছিল।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন