তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ২
আমির হোসেন, তাহিরপুর, (সুনামগঞ্জ), ২১ মে — সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আহসানুল ইসলাম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া (২০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমজাদ হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে সাজু মিয়ার বাড়ির নির্মাণাধীন ছাদের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কাজের সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনে রড লেগে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই আহসানুল ইসলাম মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। পরে শিমুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, আহসানুল সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিল। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক চা দিবস: সুবাসের কাপে বিশ্ব অর্থনীতি, জলবায়ু সংকট ও বাংলাদেশের সম্ভাবনা