ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
ময়মনসিংহ, ১৪ মে — ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জল মিয়া (৩২)। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী (৬২), রূপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জুলহাস ফুলপুর থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।
রায়ে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সোহরাব আলী, রূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা