জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়া জান্নাত নিছার দ্বৈত সাফল্য
সালেহ আহমদ (স’লিপক): নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ নৃত্য ও অভিনয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থী সাদিয়া জান্নাত নিছা। কলেজ (স্নাতক-স্নাতকোত্তর) পর্যায়ে একক নৃত্য এবং একক অভিনয়ের ‘খ’ বিভাগে কৃতিত্বপূর্ণ এই সাফল্য অর্জন করেন তিনি। এবার সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন এই শিক্ষার্থী।
গত সোমবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের হাত থেকে সনদ, মেডেল ও ক্রেস্ট গ্রহণ করেন সাদিয়া জান্নাত নিছা।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এ সময় পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর ২০২৬ সাদিয়া জান্নাত নিছা একক নৃত্য ও একক অভিনয়ের ‘খ’ বিভাগে সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং জাতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সাদিয়ার এ সাফল্যে রাজনগর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার-পরিজন, বন্ধু ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। পাশাপাশি তাঁর শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
এ বিষয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং মিরকো ফাউন্ডেশনের চেয়ারম্যান ছড়াশিল্পী মিনারা আজমী বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এসব আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ তৈরি করে।
উল্লেখ্য, সাদিয়া জান্নাত নিছা বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতির (বিজেএসডব্লিউএ) আহ্বায়ক কবি সালেহ আহমদ (স’লিপক)-এর ভাগ্নি এবং ছড়াশিল্পী মিনারা আজমীর বোনঝি। তিনি বাংলাদেশ পোয়েটস ক্লাবের মৌলভীবাজার জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
শিশুকাল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাদিয়া একাধিকবার বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।