শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৪ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ২৩ মে— মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর, পিতা আফতাব মিয়া, পূর্ব ছিরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট এবং আকমল হোসেন (৩৯), পিতা আবুল হোসেন, চান্দাই, দক্ষিণ সুরমা, সিলেট।

পুলিশ জানায়, গত ১৭ মে বিকেল আনুমানিক ৫:৩৮ ঘটিকায় ভিকটিম তার সন্তানসহ অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাল মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সিলেট মহানগর ও আশপাশের এলাকায় অভিযান চালায়। পরে ২১ মে সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকা থেকে আকমল হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, আন্তঃজেলা এই ছিনতাই চক্রটি মোটরসাইকেলে করে বিভিন্ন সময় মৌলভীবাজারে এসে নারীদের টার্গেট করত। নির্জন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় তাদের সক্রিয়তা ছিল।

এছাড়া ২০২৫ সালের ১০ জুন মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত অনুরূপ একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় দীর্ঘ কারাভোগের ইতিহাস রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন