মাদকবিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লালমনিরহাটে বিএনপি নেতার দোকানে হামলার অভিযোগ
কল্লোল আহমেদ, লালমনিরহাট, ২৩ মে— লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক নির্মূল নিয়ে প্রকাশ্যে কথা বলাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার দোকানে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে থানায় অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতনসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মোঃ আতিক আহমেদ (৩৯) কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে নগদ, উপায়, রকেট এজেন্ট, ফ্লেক্সিলোড ও মনিহারী ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযোগ অনুযায়ী, গত ২১ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে গালিগালাজ করা হয় এবং প্রতিবাদ করলে বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়।
হামলার সময় দোকানের ক্যাশবাক্স ভেঙে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ও সিগারেট লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া দোকানের আসবাবপত্র ভাঙচুর করে আরও প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আতিক আহমেদকে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে তার ভর্তি রেজিস্ট্রেশন নম্বর ১৪৬৪১/১১৬।
আতিক আহমেদ দাবি করেন, তিনি এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় একটি চক্র ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, থানায় অভিযোগ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।