সাতক্ষীরার তালায় “রাইজ অ্যান্ড বি হিলড” মেগা ক্রুসেড ২৪ মে
জেমস আব্দুর রহিম রানা, সাতক্ষীরা, ২৩ মে— সাতক্ষীরার তালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্যোগে “রাইজ অ্যান্ড বি হিলড” (উঠো এবং সুস্থ হও) শীর্ষক একটি বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৪ মে রোববার বিকেলে তালা উপজেলার গোনালী এফসিসিবি চার্চ গ্রাউন্ডে এ মেগা ক্রুসেড অনুষ্ঠিত হবে। আয়োজন করছে ক্রাইস্ট এম্বাসি অ্যাগ্লো চার্চ, বাংলাদেশ।
“A Time of Worship, Miracles and the Word” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এতে ধর্মীয় বক্তা, গসপেল সংগীতশিল্পী ও চার্চ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা, উপাসনা, আত্মিক পুনর্জাগরণ এবং অসুস্থদের জন্য আরোগ্য কামনায় সেবা কার্যক্রম থাকবে।
তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা ও হতাশা দূর করে মানুষের মধ্যে আশা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
ক্রাইস্ট এম্বাসি অ্যাগ্লো চার্চ বাংলাদেশের যুব প্রতিনিধি পাস্টর জন সাব্বির রানা বলেন, “আমাদের উদ্দেশ্য ধর্মীয় প্রচারের পাশাপাশি সমাজে মানবতা ও আশার বার্তা পৌঁছে দেওয়া।”
অনুষ্ঠানে সমবেত উপাসনা, গসপেল সংগীত ও বাইবেলের বাণী প্রচারের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মিক অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারী, পুরুষ ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থাসহ নিরাপত্তা ও শৃঙ্খলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা আশা করছেন, এ সমাবেশ এলাকায় শান্তি, ভ্রাতৃত্ব ও নতুন আশার বার্তা ছড়িয়ে দেবে।