শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১২ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ১৬ এপ্রিল — মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি পাইপগান, ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাউরবাগ এলাকায় ৬-৭ জনের একটি ডাকাতদল কবরস্থানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে তাদেরই সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আতিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং আটক আতিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেটের সিলামসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন ভোরে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকায় একটি কলাবাগান থেকে আরও একটি পাইপগান ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

সদর থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। আহত আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন