মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ
কবির আহম্মেদ, বাগেরহাট, ২৪ মে— বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
এ সময় তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ।
এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা সভাপতি মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।