মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়ে বিভ্রান্তি, দাফন না দাহ—উত্তেজনা
বাগেরহাট, ১৬ এপ্রিল — বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে এক নব মুসলিমের মরদেহকে কেন্দ্র করে দাফন না দাহ—এ নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, মোল্লাহাটের দত্তডাঙ্গা রাইরসরাজ সেবা আশ্রমে আশ্রিত শুভ্রত (ওরফে সোহাগ) নামের এক যুবক বুধবার রাত প্রায় ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৯৮০ সালের ‘ছুটির ঘণ্টা’ এবার বাস্তব! টয়লেটে বন্দি ৮ বছরের শিশু
নিহত শুভ্রতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার তেঘড়িয়া গ্রামে। তার পিতার নাম সুকলাল পোদ্দার। দীর্ঘ তিন বছর ধরে তিনি তার মাকে নিয়ে উক্ত আশ্রমে বসবাস করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ বছর আগে আদালতের এফিডেভিটের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে ইসলামি রীতিনীতি অনুযায়ী সুন্নতে খাতনা সম্পন্ন করে এক মুসলিম নারীকে বিয়ে করেন। পরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে তিনি দ্বিতীয়বার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরেক মুসলিম নারীকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার একটি ১২ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।
এদিকে নিহতের মা দাবি করেন, তার ছেলে ধর্ম পরিবর্তনের বিষয়টি তিনি জানতেন না। অন্যদিকে, নিহতের স্ত্রী দাবি করেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে এবং তার দাফন মুসলিম রীতিতে সম্পন্ন করতে হবে।
ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মরদেহটি পার্শ্ববর্তী আটজুড়ি ইউনিয়নের উত্তর আমবাড়ি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার প্রস্তুতি নেয়। তবে নিহতের স্ত্রী বাধা দিলে দাহ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো. রমজানুল হক জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।