শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৫৩ বার দেখা
শেয়ার করুন

কবির আহম্মেদ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি, ১২ মে — বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৬ জন মৎস্য চাষি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

মঙ্গলবার (১২ মে) উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কয়েকটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে ঘেরে গিয়ে চাষিরা দেখতে পান রুই, কাতলা, মৃগেল, সাদা মাছ ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তুহিন মিয়া। তার ঘেরে থাকা রেনু চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কেরামত শেখের প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে।

এছাড়া হেদায়েত মোল্লার এক লাখ টাকার, রবু শেখের এক লাখ টাকার, মোসলেম শেখের ৫০ হাজার টাকার এবং ইব্রাহিম শেখের ৫০ হাজার টাকার মাছ নিধন হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ঋণ ও ধারদেনা করে ঘেরে মাছ চাষ করেছিলেন। এক রাতেই সব শেষ হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় চুরি, বিষ প্রয়োগ ও বিভিন্ন অপরাধ বাড়ছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

মোল্লাহাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, “মৎস্য চাষিরা অনেক স্বপ্ন নিয়ে মাছ চাষ করেন। দুর্বৃত্তরা সেই স্বপ্ন ধ্বংস করেছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন